সময়টা শীতের ওই কনকনে আয়েসে
সদ্য সাত হওয়া স্যাঁতস্যাঁতে বয়সে;
খকখক কাশিতে খেজুরের শরবত
ঠ্যাং কাঁপে ল্যাং মেরে লেপেরও পর্বত।
কিলদিয়ে ঢিলমারি বরইয়ের ঝাঁকড়ায়,
মামী তাড়ে মুগুরে, পাগারের আখড়ায়।
দলবেঁধে গোলহয়ে বরইয়ের বিচিতে,
নামতার ঘামছুটে আমতায় গিলিতে।
পিঠাপিঠি ভাইবোন পিঠানিয়ে পিটপিট,
গরমের বিষমে দমাদম খাই হিট।
ছোটমামা যায়বিলে খিলখিল হাসিতে,
সাথে নিই বন্দুক, মাছরাঙ্গা মারিতে।
তারপরে জোটবেঁধে ছিপ আর আটাতে,
আটঘাট বেঁধেবসি দীঘির ঐঘাটেতে;
মাছসব আঁচপেয়ে পেটভরে আটাখায়,
ছিপটানি একলগে, সূতোছিড়ে প্যাঁচখায়।
বেলাশেষে কাঁচকলা, চুনোপুঁটির বদনা;
আশছেড়ে শ্বাসটানি, এইবেলা আরনা।
গাছে উঠে দাবড়াই আমড়ার ডালেতে,
আঠালেগে কামড়ায় গোলগাল গালেতে।
নারকেল কত্বেল, সবখানেই হামলা
মামাকয় হালছেড়ে, ঠেলাতবে সামলা।
বাড়ীজুড়ে হুড়োহুড়ি দঙ্গলের জ্বালাতে;
চোখসব কপালে, বাঁদরামির ঠেলাতে।
কানমলা পিটুনি, কোনোকিছুই নাইবাদ
ঘরেতবে ছেয়েগেছে, যতসব বরবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন