রবিবার, ২৭ মার্চ, ২০১১

অপবর্তন


এই সময়ের প্রতিটি নগরে কৃত্তিমতা জমে ওঠে
দীর্ঘশ্বাস ছাপিয়ে যখন স্বপ্নরা মৃতজন্মে
আস্তে আস্তে গড়ে জীবনের পরমায়ু;
হেঁটে চলা অনিশ্চয়তায় অবাধ্য দৃষ্টি,
বিষাক্ত নিলয়ের গভীরতা,
অনাহুত সম্পর্কের বুনট আর
স্থবির কিছু সন্দেহ।


আমি জেগে উঠি বৃদ্ধ একএকটি ভোরে
স্পর্শকাতরতায় যখন মানুষগুলো সরতে থাকে
যতটুকু দূরে পারে একে অন্যের;
এবং সহস্র নিঃসঙ্গ ধমনী জট বেঁধে যায়
যেনো আমিও সম্পূর্ণ,
স্থিত,
পরাধীন।

এবং রাত্রির শেষে রাত্রি এসে পড়ে বিরতিহীন,
নির্বাক দাঁড়িয়ে থাকি কল্পনার গণকবরে-
বৃষ্টিস্নাত কোনো এক সকালও অযথা হেরে যায়
যখন আমি ছিলাম কিংবা ছিলামনা;
জমাট বাঁধা রক্তের মত ধীরে ধীরে
ফ্যাকাসে আর নোনতা হয়ে ওঠে-
মানুষ আর মানুষহীনতা।

আর আমি চেয়ে দেখি, জানালায় আটকে থাকা বিশ্বাসগুলোর সবস্তর।

কোন মন্তব্য নেই: