বুধবার, ১৩ জুলাই, ২০১১

এইখানেতে সব সকালে ধোঁয়াশিত রৌদ্র ছিলো,
ব্যস্ত শহর, বদ্ধ দেয়াল,  মানুষ থাকার ক্লান্তি ছিলো,
দিকভ্রান্ত চিলের ডানায় একলা দুপুর উড়তে ছিলো,
ক্ষয়েক্ষয়ে শ্রান্ত বিকেল আঁধারপানে ডুবতেছিলো,
ঘরবন্দী জানলাকাচে মুক্ত হবার তৃষ্ণা ছিলো,
একটুখানি ঘুমকাতুরে দিনযাপনের ইচ্ছে ছিলো,
অবশ মায়ায় অনুভূতির উপেক্ষিত তৃপ্তি ছিলো,
যা কিছু নেই, কল্পনাটার আয়নাজুড়ে ব্যাপ্তি ছিলো।

সব স্বপ্নের বিষণ্নতায় ধূসর জমে মেঘের পরে,
বৃষ্টিমাতে মগ্নঘোরে আবছা-আলোর পরশ ধরে,
দ্বিধান্বিত লগ্নমায়া ভাসতে থাকে দ্বিপ্রহরে,
বিচ্ছিন্ন সব ছড়িয়ে থাকা শূন্যতারি ভাষান্তরে,
ছায়ার শরীর দাঁড়ায় পাশে নৈঃশব্দের দেয়াল ধরে,
আজ সেখানে সব ছিলো যা, অবশচক্রে যায় সরে।

(০৩/০৭/১১)

1 টি মন্তব্য:

অজ্ঞানী দর্শক বলেছেন...

অসাধারান উস্তাদ.........শুধু বিচ্ছিন্নতার জায়গায় ছন্দটা মিস হয়ে গ্যাসে...তবে প্রথমটুকু অসাধারন হইসে......আপনাদের লেখা পড়ে পড়ে এখন আর লিখতে ইচ্ছা করেনা... লিখতে গেলে নিজেরটারে চরম আবর্জনা মনে হয়......