ঘোরলাগা ভোরখানি, দোলখেয়ে দিশেহারা,
সাদাকালো সকালেতে, দুনিয়াটা তারছেঁড়া।
নয়নেতে নিশিরাত , রগড়ায় রগটানে-
পিঠটানে আসমান, যায় ছুটে কোনখানে?
সারিসারি গাছগুলো দিনভুলে ঘুমযায়,
ভোলা পথে পথিকের চোখ তাতে তড়পায়।
ঢুলেঢুলে ঢোকগিলে রাজপথ খায় পাক,
গাড়িসব গোবেচারা, চিৎকারে দেয় হাঁক।
ঘোল খেয়ে ঘুমচোখে ভ্যাবাচেকা দিবাকর,
কাঠফাটা রোদ যেনো, জোছনার সরোবর।
পেঁজাতুলো মেঘদল, তারা দেখে পাঁজকোলা
ভেসেভেসে দেখে চাঁদ, চিলডানা চ্যাংদোলা।
গোলগোল সব গোল, গোলমেলে তালগোল
ঘাড় ধরে ঝুলেঝুলে, মাথা শুধু খায় দোল।
ভাবনিয়ে থাকি তবু, নাই কোনো ভাবলেশ
বেঘোরেতে ঘুরে বেলা, ভবঘুরে শেষমেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন