শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

সংক্রান্তি

একদিন ঝঞ্ঝা ভেঙ্গে সবকিছু গড়ে ওঠে-
সহসা রাত্রি, আঁধার ভাঙ্গা তুমুল মেঘ;
দূর-ধ্বনিত নিরুদ্দেশ পথ ধরে ফিরে আসে
এইসমস্ত ঝড়ো হাওয়ার বিক্ষুব্ধ দৃশ্যপট,
জানলার ঘষাকাচে মেঘনিবিষ্ট কাচবালক।


যত না বলা হয়ে থাকা, ভাষার স্বরমৃত্যু;
সহস্র বিগত জন্মের আড়াল বিধুত নিনাদে-
যেনো শুধুই অবিশ্বাসের মোহে ক্রমাগত;
সেখানে অজস্র ভোর অদ্বৈত রাত্রি গড়তে থাকে।
জন্মান্তর পৃথক হতে থাকে অন্যকোথাও।

এইক্ষণে হয়ে ওঠা আকাশে মেঘের তীব্র বিচ্যুতি-
নিবিড় ধূসরতায় ঘণায়মান, আসন্ন। আর
এইপাশে কিছু বিভ্রান্ত নিঃশ্বাস, সন্তরণে
অজস্র তুহিন জলরাশির ভার হাতের মুঠোয়;
যেনো স্থিত জলপ্রপাত, নিরন্তর গড়িয়ে যাচ্ছে।

(মে ৪, ২০১২)

কোন মন্তব্য নেই: